কুতুবদিয়ার বেড়িবাঁধ স্থায়ী সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৪১ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় বেড়িবাঁধ স্থায়ীভাবে সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছে ‘কুতুবদিয়া উন্নয়ন ফোরাম, চট্টগ্রাম’ নামের একটি সংগঠন। বাঁধ সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে সংগঠনটি। কর্মসূচিতে চট্টগ্রাম শহরে বসবাসরত কুতুবদিয়ার বাসিন্দারা অংশ নেন।
গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. কাইমুল ইসলাম। সংগঠনের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে কুতুবদিয়া দ্বীপের চারপাশে উপকূলীয় বাঁধ সেনাবাহিনীর সহায়তায় সংস্কার করা, বাঁধের ভেতর-বাইরে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনায়ন প্রকল্প গ্রহণ ও বাগান করা, জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের মাধ্যমের বিদ্যুৎ সরবরাহ করা, পর্যাপ্ত পরিমাণ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কুতুবদিয়াকে পর্যটন এলাকা ঘোষণা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৬০ সালের ঘূর্ণিঝড়ের পর নির্মিত বেড়িবাঁধ সংস্কারের অভাবে বর্তমানে কৃষিজমির সমান হয়ে গেছে। ঘূর্ণিঝড় ও সামুদ্রিক ঝড় ছাড়াও অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি দ্বীপের ভেতরে ঢোকে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বেড়িবাঁধ সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণে দেশি-বিদেশি অনেক সহায়তা এলেও তা যথাযথ ব্যবহার হয়নি বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও ঠিকাদারদের যোগসাজশে কুতুবদিয়ার বেড়িবাঁধ কখনোই স্থায়ী রূপ লাভ করেনি। বর্ষা মৌসুমের শুরুতে কিছু কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে সংস্কারকাজ বেশি দিন টেকেনি। বর্ষা এলেই কুতুবদিয়ার প্রায় দেড় লাখ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন, জনকণ্ঠের উপসম্পাদক মোয়াজ্জেমুল হকসহ মো. শফি আলম কুতুবী, মুজিবুল হক সিদ্দিকী, মুনিরুল মান্নান, মো. তাজ উদ্দীন, মীর মোশাররফ হোসাইন, সরওয়ার আলম, মো. আজম প্রমুখ।