কুতুবদিয়ার ২৫ জেলে ১৩ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার ২৫ জেলে ১৩ দিন ধরে নিখোঁজ। এ নিয়ে জেলে পরিবারে হাহাকার চলছে। ১০ অক্টোবর রাতের ঝোড়ো হাওয়ার কবলে পড়ে এই উপজেলার ছয়টি ট্রলারসহ অর্ধশত জেলে নিখোঁজ হন।২৫ জেলে ফিরে এলেও ২৫ জনের খোঁজ মিলছে না। নিখোঁজ জেলেরা হলেন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস (২৮), ছাবের আহমদ (৫০), মো. মিজান (২৫), তৈয়ুব উল্লাহ (৩০), জয়নুল আবেদীন (৩০), নাসির উদ্দিন ( ৩২), নুরুল ইসলাম (২৮), রশিদ আহমদ (২৪), রহমত উল্লাহ (৩০), আবদুল মালেক (২৫), দুই ভাই নাজির হোসেন (৩২) ও নুরুল ইসলাম (২৮), করিম উল্লাহ (৩০), ওসমান গনি (৩০), বড়ঘোপ ইউনিয়নের আরিফ উল্লাহ (২৫), উত্তর ধুরুং ইউনিয়নের আজিমউদ্দিন সিকদারপাড়ার আবদুল খালেক (৪৫), মাহবুবুল আলম (৩০), নেছারুল আলম (১৯), নাজেম উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪০), মো. কালু (৩৪), লেমশিখালীর জসিম উদ্দিন (২৫), আবদুস সাত্তার (৪৫), নবী হোসেন (৩৪) ও সিরাজুদ্দৌলা (৪৫)।১৪ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলায় ‘কুতুবদিয়ায় ৬ ট্রলারসহ ৫০ জেলে নিখোঁজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান, সাগরে একাধিক ট্রলার নামিয়ে নিখোঁজ জেলেদের সন্ধান করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মিলেনি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ জেলেদের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ জানান, নিখোঁজ জেলেদের তালিকা তৈরি করে সাহায্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, ট্রলারসহ জেলে নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় মাহবুবুল আলম ও মো. বাদশা নামের দুই ব্যক্তি পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।