কুতুবদিয়ার ২৭ জেলে ভারতের কারাগারে
অনুপ্রবেশের দায়ে ভারতীয় কোস্টগার্ড কক্সবাজারের কুতুবদিয়ার ২৭ জেলেকে একটি মাছ ধরার ট্রলারসহ আটক করেছে। ওই জেলেরা এখন ভারতের একটি কারাগারে বন্দী আছেন। আটক জেলে-পরিবারের সদস্যরা ১৫ নভেম্বর বিকেলে কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবে এসে বিষয়টি জানান।
ট্রলারের মালিক কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার জিয়াউর রহমান বলেন, ১০ নভেম্বর ভারত থেকে ট্রলারের মাঝি (সারেং) মো. ছাবের আহমদ তাঁকে মুঠোফোনে বলেন, ঘন কুয়াশার কারণে পথ ভুলে তাঁরা ৫ নভেম্বর ভারতের জলসীমায় ঢুকে পড়লে কোস্টগার্ড তাঁদের আটক করে। এরপর তাঁদের সেখানকার প্যাজারগঞ্জ কোস্টাল থানায় সোপর্দ করা হয়। ওই দিন কুতুবদিয়া থানায় ট্রলারসহ ২৭ জেলের ব্যাপারে তিনি (জিয়াউর) সাধারণ ডায়েরি করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জেলেরা হলেন কুতুবদিয়ার আজম কলোনি এলাকার মো. আলম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, ছরওয়ার; মনোহরখালী গ্রামের বাবুল, বাদশা; রোসাইপাড়ার নজরুল ইসলাম, আবদুল মুরাদ, মো. সুমন, মো. সাদ্দাম; কিরণপাড়ার জাগির হোসেন, নুরুল কবির, মোহাম্মদ নূর, জমির উদ্দিন; হকদারপাড়ার মো. বাবুল, আমান উল্লাহ; লেমশীখালীর মো. কালু, আরাফাত প্রমুখ।
বন্দী জেলেদের পরিবারের সদস্যরা বলেন, স্বামীরা বন্দী থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা অনাহারে দিন কাটাচ্ছেন। আটক জেলে ছাবের আহমদের বাবা ছৈয়দ আহমদ বলেন, চার সপ্তাহ চুক্তিতে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান ছাবের। এখন খবর পেয়েছেন ছাবেরসহ ট্রলারের ২৭ জেলে ভারতের কারাগারে আছেন। কিন্তু তাঁদের ছাড়িয়ে আনার ক্ষমতা পরিবারের নেই। এ ব্যাপারে তাঁরা সরকারের হস্তক্ষেপ চান।