পূর্ণিমার জোয়ারে গত দুই দিনে (মঙ্গল ও বুধ) কক্সবাজারের কুতুবদিয়ার ৩১টি গ্রাম প্লাবিত হয়েছে। বিলীন হয়েছে প্রায় ৪০০ কাঁচা ঘরবাড়ি। স্থানীয় লোকজন বলছেন, জরুরি ভিত্তিতে ভাঙা বেড়িবাঁধ মেরামত না হলে আরও কয়েক শ ঘরবাড়ি বিলীন হতে পারে।কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ আহমেদ বলেন, গত দুই দিনের পূর্ণিমার জোয়ারে পাঁচটি ইউনিয়নের ৩১টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৪০০ কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। কয়েক শ একর আউশ লোনাপানিতে তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙা বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে লিখিতভাবে বলা হয়েছে।স্থানীয় লোকজন বলেন, পূর্ণিমার জোয়ারে বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি, মিয়ারঘোনা, লেমশীখালী ইউনিয়নের সতরউদ্দিন, পেয়ারাকাটা, উত্তর ধূরুং ইউনিয়নের ফয়জানির বাপের পাড়া, চর ধূরুং, আকবরবলী ঘাট, আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎকেন্দ্র এলাকা, কিরনপাড়া, পুতিন্যার পাড়া, তেলিপাড়া ও শান্তিবাজারসহ ৩১টি গ্রাম প্লাবিত হচ্ছে। লেমশীখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোছাইন বলেন, সতর উদ্দিন উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে এবং পেয়ারাকাটা এলাকায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে কয়েক শ একর আউশ ধানের খেত তলিয়ে গেছে। অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। ৫০টি পুকুরের পাড় ভেঙে গেছে।সতর উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্কুর আলম আযাদ ও পেয়ারাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন, বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে গেছে। পানি অতিক্রম করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না।আজম কলোনি গ্রামের আবু সুফিয়ান বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় ওই গ্রামের ৪৩টি কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, পাউবোর প্রায় সাত কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ৩০টির বেশি গ্রামে ঢুকে ঘরবাড়ি বিলীন হচ্ছে। বিশেষ করে কাহারপাড়া, তেলিপাড়া, কাজিরপাড়া, পণ্ডিতপাড়া, হায়দারবাপেরপাড়া এলাকার ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত দুদিনে পানিবন্দী ও গৃহহীন ৭০০ নারী-শিশুকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে।পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন বলেন, বরাদ্দ এলে ভাঙা বাঁধ মেরামত করা হবে।