কক্সবাজার উপকূলের গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ রয়েছেন কুতুবদিয়ার ছয়টি ট্রলারসহ অর্ধশত জেলে। গত দুই দিনে পাঁচটি ট্রলার নিয়ে সাগরে তল্লাশি চালিয়েও জেলেদের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, ট্রলার ডুবে জেলেরা হারিয়ে গেছেন। এ নিয়ে জেলেপল্লিতে চলছে আহাজারি।কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন, ৭ অক্টোবর উপজেলার প্রায় ২৫০টি ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। ১০ অক্টোবর রাতের ঝোড়ো হাওয়াসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রায় সব ট্রলার উপকূলে ফিরে আসে। কিন্তু ছয়টি ট্রলারসহ অর্ধশত জেলের সন্ধান মিলছে না। গত শুক্র ও শনিবার পাঁচটি ট্রলার নামিয়ে নিখোঁজ জেলেদের অনুসন্ধান করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজ ট্রলারের মধ্যে উপজেলার বড়ঘোপ স্টিমারঘাট এলাকার সাধন বহদ্দারের একটি, মোহামঞ্চদ হোসেন ওরফে বাদশা মেম্বারের একটি, তাবলরচর গ্রামের মাহাবুব আলমের একটি, খোকন মাঝির একটি, উত্তর ধুরুং এলাকার শফিউল আলমের একটি ও শাহাব উদ্দিনের একটি। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, এ ব্যাপারে নিখোঁজ ট্রলারের মালিক মোহামঞ্চদ হোসেনসহ তিনজন জেলে নিখোঁজের ব্যাপারে পৃথক তিনটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।এসব ট্রলারের নিখোঁজ জেলেরা হলেন: উপজেলা সদরের আরিফুল্লাহ (২২), তাবলরচর গ্রামের ছাবের আহমঞ্চদ (৫০), মো. কাদের (২৫), নুরুল ইসলাম (২৭), নাজের উদ্দিন (৩০), মো. মানিক (৩২), বাদশা মিয়া, (৩৫) ওসমান গনী (৩২), আবদুল জলিল (৩০), মোহামঞ্চদ নাছির (৩৮), আবদুল মালেক (৪০), শফিউল আলম (৩৩), শাকের উল্লাহ (৪২), মাহাবুব উল্লাহ (৩৮), আবদুল শুক্কুর (৩৬) প্রমুখ। বাকিরা অন্য ট্রলারের জেলে। তাঁদের নাম পাওয়া যায়নি। সাগর থেকে ফিরে আসা এফবি সাগরকন্যা ফিশিং ট্রলারের মাঝি আবুল হোসেন জানান, ১০ অক্টোবরের ঝোড়ো হাওয়া ও দুর্যোগে বেশ কিছু ট্রলার বিধ্বস্ত হয়েছে। এসব ট্রলারের অসংখ্য জেলেকে অন্ধকার রাতে সাগরে ভাসতে দেখা গেছে। কিন্তু সাগর উত্তাল থাকায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ বলেন, গত শুক্রবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে কয়েকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত জেলেদের সন্ধান মেলেনি।