কুতুবদিয়ায় আ.লীগের দুই প্রার্থী উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী ছিলেন শফিউল আলম। তিনি উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। এর বিরোধিতা করে দলের বিদ্রোহী প্রার্থী হন মনোয়ারুল ইসলাম চৌধুরী। তিনি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক। কিন্তু দলের এই দুই প্রার্থীকে খুঁজে পাচ্ছেন না ভোটাররা।
৩১ মার্চ এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন তৃণমূল নেতা জানান, শুরু থেকে আওয়ামী লীগের দুই প্রার্থী পৃথকভাবে মাঠে নেমে নির্বাচনী প্রচারণা চালান। কিন্তু গত বুধবার থেকে এলাকায় প্রচার রয়েছে, মোটা অঙ্কের টাকায় এই দুই প্রার্থী অন্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও ওই দুই প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি। দুজনই উপজেলার বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী জানান, দলের সভাপতি (তিনি) ও সাধারণ সম্পাদক দুজনই অসুস্থ। তাই তাঁরা নির্বাচনে দাঁড়াতে পারেননি। তার পরও তৃণমূলের নেতারা দলের একক প্রার্থী হিসেবে শফিউল আলমকে মনোনয়ন দেন। কিন্তু তাঁর বিরোধিতা করে মাঠে নামেন দলের আরেকজন তৃণমূল নেতা। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। দলের নেতা-কর্মীদের কেউ কেউ বিরক্ত হয়ে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ জানান, জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী মনজুর আলম সিকদারের পক্ষে আওয়ামী লীগের প্রার্থীরা সমর্থন জানিয়েছেন। এ নিয়ে দলের নেতা-কর্মী ও ভোটারদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মনজুর এখন মহাজোটের প্রার্থী। এখন মনজুরের পক্ষে দলের নেতা-কর্মীসহ দুই প্রার্থী মাঠে নেমেছেন।
ভোটাররা জানান, বিএনপি-জামায়াতসহ স্থানীয় চার প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীর তুলনায় অতি দুর্বল প্রার্থী দাঁড় করানোর কারণেই আওয়ামী লীগের দুরবস্থা। নিশ্চিত পরাজয় দেখে ওই দুই প্রার্থীকে সরিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে মাঠে রয়েছেন চারজন চেয়ারম্যান প্রার্থী। তাঁরা হলেন, বিএনপির প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, জামায়াতের প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি আসম শাহরিয়ার চৌধুরী, নাগরিক কমিটির প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আলম সিকদার এবং বিএনপির স্থানীয় নেতা ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকের উল্লাহ।
লেমশীখালী গ্রামের ভোটার আবদুল মাবুদ (৫৫) জানান, গত নির্বাচনে মনজুর আলম সিকদারকে সামান্য ভোটে পরাজিত করে এ টি এম নুরুল বশর চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তখন জামায়াত-বিএনপি জোট ছিল। আর এখন জামায়াত থেকে আলাদা প্রার্থী মাঠে নেমেছেন। এবার মনজুর আলম সিকদারকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। এ হিসাবে মনজুর আলম সিকদারের সঙ্গে এ টি এম নুরুল বশর চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।