কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের অবস্থা হ-য-ব-র-ল
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার প্রশাসনের অবস্থা এখন হ-য-ব-র-ল। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকবল না থাকায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই দ্বীপের প্রায় দেড় লাখ মানুষ। উন্নয়নকাজও বাধাগ্রস্ত হচ্ছে চরমভাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনে বর্তমানে বেশ কয়েকজন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলা প্রকৌশলী (এলজিইডি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিসংখান কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, মহিলাবিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। এসব শূন্য পদের অনেকগুলোতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন অন্য উপজেলার কর্মকর্তারা। এ ছাড়া, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২৬টি। সেখানে কর্মরত আছেন মাত্র দুজন চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদটিও ছয় বছর ধরে শূন্য।কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আলম গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, গত রোববার কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহাম্মদ এই উপজেলা পরিষদ পরিদর্শনে এসেছিলেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। কিন্তু সভায় অধিকাংশ কর্মকর্তাকে না পেয়ে তিনি কার্যত দাপ্তরিক কোনো নির্দেশনাই দিতে পারেননি।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, দ্বীপের উন্নয়নের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কর্মকর্তার অভাব। এসব শূন্য পদ পূরণের জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। সব মিলিয়ে উপজেলা প্রশাসনে এখন হ-য-ব-র-ল অবস্থা।নুরুল বশর বলেন, লোকবলের অভাবে শূন্যতার কারণে দ্বীপের দেড় লাখ মানুষ সরকারি সেবাদান প্রতিষ্ঠানগুলো থেকে নাগরিক কোনো সুবিধাই পাচ্ছে না।