কুতুবদিয়ায় এক লবণ ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের উপকূল থেকে গত সোমবার রাতে মৌলভী মোহাম্মদ হোছন (৫০) নামের এক লবণ ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা। তাঁর বাড়ি উত্তর ধুরুং ইউনিয়নের কালামার পাড়া এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার ধুরুং বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ৮-১০ জন মুখোশধারী জলদস্যু মোহাম্মদ হোছনকে অস্ত্রের মুখে অপহরণ করে। এ সময় মোহাম্মদ হোছনের সঙ্গে থাকা মৌলভী আসাব উদ্দিনকে জলদস্যুরা মারধর করে মুঠোফোন ও টাকা-পয়সা কেড়ে নিয়ে ছেড়ে দেয়। এরপর তাঁকে কুতুবদিয়া উপকূলের লাইট হাউস এলাকা থেকে নৌকায় তুলে সাগরের দিকে নিয়ে যায় জলদস্যুরা। জলদস্যুরা মোহাম্মদ হোছনকে ছাড়িয়ে নেওয়ার জন্য রাত দুইটার দিকে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কুইলার পাড়ার নূরুল হকের সঙ্গে যৌথভাবে ব্যবসা করছেন মোহাম্মদ হোছন। এক মাস আগে ব্যবসা নিয়ে তাঁদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়।মোহাম্মদ হোছনের ভাই দেলোয়ার অভিযোগ করেছেন, এরপর থেকে তাঁর ভাইকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন নূরুল হক। সোমবার রাতে নূরুল হক জলদস্যু আকতার বাহিনীর সদস্যদের দিয়ে তাঁর ভাইকে অপহরণ করিয়েছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দেলোয়ার হোছন মামলা করেছেন। মোহাম্মদ হোছনকে উদ্ধারের চেষ্টা চলছে।