কুতুবদিয়ায় জলদস্যুর গুলিতে ১০ জেলে আহত, মাছ লুট
কক্সবাজারের কুতুবদিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে জলদস্যুদের গুলিতে ১০ জেলে আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঁরা হলেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়ার হারুন রশিদ (২৩), মলমচর গ্রামের হেলাল উদ্দিন (৩২), দক্ষিণ ধুরুং গ্রামের শামীম (২৪) ও লেমশিখালীর মো. নয়ন (২৮)। আহত জেলে রশিদ ও নয়ন জানান, আল্লারদান নামের একটি ট্রলার নিয়ে তাঁরা ২৬ জেলে সাগরে মাছ ধরতে যান। গতকাল ভোর পাঁচটার দিকে তাঁরা সাগর থেকে উপকূলে ফেরার সময় কুতুবদিয়া সাগর চ্যানেলের খুদিয়ারটেক এলাকায় পৌঁছালে জলদস্যুরা ধাওয়া করে এবং ২০-২৫টি গুলি করে ট্রলারটি থাকায়। এরপর দস্যুরা ২৬ জেলেকে জিম্মি করে ট্রলারটি গভীর সাগরে নিয়ে যায়। তারপর ট্রলারের কয়েক লাখ টাকার মাছ ও জাল লুট করা হয়। এ সময় দস্যুদের বেদম প্রহার ও গুলিতে ১০ জেলে আহত হন। ট্রলারের মালিক মো. ইলিয়াছ জানান, গতকাল দুপুরে গভীর সাগর থেকে ট্রলারটিসহ ২৬ জেলেকে কুতুবদিয়ায় আনা হয়। এরপর আহত চার জেলেকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাগরে নেমে জলদস্যুদের প্রতিরোধ করার মতো জলযান পুলিশের নেই।