কুতুবদিয়ায় জেনারেটরে বিদ্যুৎ সরবরাহে দুর্নীতির অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দিন-রাত মোট পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার কথা। যান্ত্রিক ত্রুটি দেখিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষ অধিকাংশ সময়ই বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। দৈনিক পাঁচ ঘণ্টা হিসেবে প্রতি মাসে ১৫০-১৫৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার কথা। অথচ অক্টোবর মাসে কুতুবদিয়ার ১২০ জন গ্রাহক বিদ্যুৎ পেয়েছেন মাত্র ৩৭ ঘণ্টা।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেনারেটরটি চালু রাখার জন্য প্রতি ঘণ্টায় ৩০ লিটার ডিজেল লাগে। সেই হিসাবে ৩৭ ঘণ্টার জন্য এক হাজার ১১০ লিটার ডিজেল হলেই চলে। কিন্তু গেল অক্টোবরে চট্টগ্রাম আঞ্চলিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিজেল বিভাগ থেকে কুতুবদিয়ার আবাসিক প্রকৌশলী চার হাজার ৬৫০ লিটার ডিজেল কেনা বাবদ দুই লাখ নয় হাজার ২৫০ টাকা (প্রতি লিটার ৪৫ টাকা হিসেবে ) উত্তোলন করেছেন। কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্র জানায়, ১৯৯৭ থেকে ২০০৮ পর্যন্ত ৫০০ কেবি ক্ষমতাসম্পন্ন জেনারেটরটি থেকে উপজেলায় ৬৮৬ জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ বিতরণ করা হয়। গত এক বছর ধরে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে শুধু উপজেলা সদর, বড়ঘোপ বাজারে ১২০ জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সরবরাহ করছে কর্তৃপক্ষ। গত ১-১০ অক্টোবর পর্যন্ত ৩৭ ঘণ্টা বিদ্যুৎ সরবাহের পর কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। গতকাল শনিবার পর্যন্ত দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। প্রতি দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সরকারি সিদ্ধান্ত রয়েছে। জেনারেটরটি চালাতে প্রতি ঘণ্টা ৩০ লিটার হিসেবে দৈনিক পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে ১৫০ লিটার ডিজেল খরচ হয়। দ্বীপের হাসপাতাল গেটের বিদ্যুৎ গ্রাহক মাস্টার সেলিম চৌধুরী বলেন, গত এক অক্টোবরে ১৫৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার সরকারি নির্দেশ রয়েছে। অথচ এক মাসে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে মাত্র ৩৭ ঘণ্টা। বাকি ১১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। দিনে পাঁচ ঘণ্টা জেনারেটর চললে ১৫০ লিটার ডিজেলের দাম আসে ছয় হাজার ৭৫০ টাকা। কুতুবদিয়া বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, গত অক্টোবরে চট্টগ্রাম আঞ্চলিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিজেল বিভাগ থেকে চার হাজার ৬৫০ লিটার ডিজেল কেনার জন্য দুই লাখ নয় হাজার ২৫০ টাকা উত্তোলন করেছেন আবাসিক প্রকৌশলী। উপজেলা পরিষদের গঠিত বিদ্যুৎ ব্যবহার পর্যবেক্ষণ কমিটির এক প্রতিবেদনে বলা হয়, গেল এক মাসে কুতুবদিয়ার বিদ্যুৎ গ্রাহকদের ৩৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এতে ডিজেল খরচ হয়েছে এক হাজার ১১০ লিটার। প্রতি লিটার ৪৫ টাকা হারে ৪৯ হাজার ৯৫০ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র কর্তৃপক্ষ দুই লাখ নয় হাজার ২৫০ টাকা উত্তোলন করেছেন ডিজেল কেনার জন্য। বাকি এক লাখ ৫৯ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিউবো কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কোনো প্রতিকার হয়নি। গত জুলাইয়ে ২১ লাখ টাকা ব্যয়ে কামিন্স জেনারেটরটি মেরামত করা হয়। তার পরও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না তারা। তিনি অভিযোগ করেন, স্থানীয় কর্মচারীরা যান্ত্রিক ত্রুটি দেখিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। কুতুবদিয়া বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ মাঝেমধ্যে বন্ধ থাকে। ডিজেলচালিত জেনারেটর হওয়াতে যান্ত্রিক ক্রুটি দেখা দেয় বেশি। প্রতি মাসে ডিজেল কেনার জন্য কী পরিমাণ টাকা সরকারি কোষাগার থেকে তোলা হয়—এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, জাতীয় গ্রিড লাইন থেকে বিদ্যুৎ আনা না হলে কুতুবদিয়ার মানুষ আজীবন বিদ্যুৎ সমস্যায় ভুগবে।