কুতুবদিয়ায় ঝুঁকিতে ১১ পরিত্যক্ত ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রায় ২২ বছর ধরে পরিত্যক্ত ১১টি সরকারি বহুতল ভবন নিয়ে বিপাকে প্রশাসন। লোকজন ভবনের লৌহা ও দরজা-জানালা খুলে নিয়ে যাচ্ছে। এলাকার ছেলেমেয়েরা ভবনের নিচে খেলাধুলা করতে গিয়ে আহত হচ্ছে। যেকোনো মুহূর্তে ভবনগুলো ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দেখা গেছে, পরিত্যক্ত আদালত ভবনটির ছাদ ভেঙে লোকজন লোহা কেটে নিচ্ছে। স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা এই ঝুঁকিপূর্ণ ভবনের নিচে খেলাধুলা করছে। কয়েক দিন আগে ভবনের একটি অংশ ধসে পড়ে তিন শিশু আহত হয়। এই ভবনের পাশে দাঁড়িয়ে আছে সরকারি বিভিন্ন দপ্তরের আরও ১০টি বহুতল ভবন। যার কোনোটির দরজা-জানালা নেই। উপজেলা প্রকৌশলী মোহামঞ্চদ মহসীন বলেন, ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ঝড়-তুফানে এসব ভবন ধসে পড়তে পারে। তিনি বলেন, দীর্ঘ দুই যুগ আগে এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভেঙে ফেলার অনুমতি ও বরাদ্দ মিলছে না। পাকিস্তান আমলে তৈরি এসব ভবন ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ বলেন, মারাত্মক ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা ভবনগুলো জরুরি ভিত্তিতে ভেঙে ফেলার জন্য উচ্চমহলে যোগাযোগ চলছে।