কুতুবদিয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে
কালবৈশাখীর আঘাতে কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্থানে গতকাল শনিবার দুপুরে শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। ওই সব লোকজন এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী জানান, গতকাল বেলা দেড়টার দিকে হঠাৎ কালবৈশাখী শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে ইউনিয়নের তাবলেরচর, রাজাখালী, খুদিয়ারটেক গ্রামের ৫১টি কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়।কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আলমগীর মাতবর জানান, তাঁর ইউনিয়নে বিভিন্ন স্থানে ঝড়ে ৩০টি কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। বড়ঘোপ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন জানান, আজম কলোনি গ্রামে ওই সময় আরও ৪০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন কবীর জানান, কালবৈশাখীর আঘাতে বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।