কুতুবদিয়ায় ট্রলার ডুবি, ৫০ যাত্রী উদ্ধার, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক কিশোর নিখোঁজ হয়েছে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ট্রলারের ৫০ জন যাত্রীকে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই প্রথম আলোকে জানান, চট্টগ্রাম থেকে যাত্রী ও পণ্যবোঝাই একটি ট্রলার গতকাল সকালে কুতুবদিয়ায় আসে। ট্রলারটি উত্তর ধুরুং ইউনিয়নের একটি ঘাটে কয়েকজন যাত্রী নামায়। এরপর সেটি ইউনিয়নের আকবর বলি ঘাটে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ঘাটের কাছাকাছি কুতুবদিয়া সাগর চ্যানেলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৫০ জনকে উদ্ধার করা হয়। তবে মো. সাকিব (১৩) নামের এক যাত্রী নিখোঁজ রয়েছে। সে উত্তর ধুরুং ইউনিয়নের রমিজ আহমদের ছেলে।

বিকেলে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি টেনে উপকূলে আনেন।

কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ সুচিং অং জানান, স্থানীয় লোকজনের সহায়তায় ৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত আর কাউকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ট্রলারটির মালিক উত্তর ধুরুং এলাকার আবুল কালাম। ট্রলারডুবির পর থেকে তিনি পলাতক।