কুতুবদিয়ায় ট্রলারসহ ১৩ জলদস্যু গ্রেপ্তার
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর চ্যানেলে গত শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নৌবাহিনীর সদস্যরা দুটি ট্রলারসহ ১৩ সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আকবর হোসেন, নুরুল আমিন, সৈয়দ আমিন, মোবারক হোসেন, আমান উল্লাহ, আবদুল করিম, জাফর আহমদ, আকতার হোসেন, নুরুল ইসলাম, আবদুর রহমান, নুরুল কাদের, মাহমুদ উল্লাহ ও মো. মোর্শেদ। তাঁরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের বাসিন্দা। স্থানীয় নৌবাহিনী সূত্র জানায়, সাগরে মাছ ধরার বিভিন্ন ট্রলারে হামলা ও লুটপাট চালানোর অভিযোগে ওই ১৩ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাঁদের কুতুবদিয়া থানায় সোপর্দ করা হয়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ওই ১৩ জনের কাছ থেকে দুই লাখ ৭৩ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়েছে। আটক দুটি ট্রলারের বৈধ কাগজপত্র নেই। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দাবি করেন, তাঁরা ওই টাকা নিয়ে সাগরে মাছ কিনতে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।