কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে আট দিন ধরে তালা ঝুলছে। গত ১২ এপ্রিল পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের ওপর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার পর থেকে পাউবোর কেউ কার্যালয়ে আসছেন না।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১২ এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাউবোর কুতুবদিয়া কার্যালয়ে তালা ঝুলছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আহত এবং ওই ঘটনায় করা মামলার বাদী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ক্যাথেয়োইওয়ে মারমা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। পাউবোর একটি সূত্র জানায়, আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে কাজে যোগ দেবেন না। কুতুবদিয়া পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আবদুস ছাত্তার বলেন, ‘১২ এপ্রিল থেকে কর্মবিরতি ঘোষণা করে কক্সবাজার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যাই। এরপর থেকে ঠিকাদার বাঁধের কাজ করলে আমাদের জানা নেই।’গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, পাউবোর তদারকি ছাড়া দুই ও তিন নম্বর প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, তদারকি কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির বদলে বালু দিয়ে বাঁধ নির্মাণ করছে। তার ওপর ব্লক বসানো হচ্ছে। দুই নম্বর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উন্নয়ন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক আবদুর রহিম প্রথম আলোকে জানান, ‘পাউবো কর্তৃপক্ষ না থাকা সত্ত্বেও কাজ করতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব নয় বলেই তড়িঘড়ি করে কাজ করে যাচ্ছি।’ বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ তিনি অস্বীকার করেন। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘১২ এপ্রিলের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কী কাজ করছে, তা পাউবো কর্তৃপক্ষের জানা নেই। বাঁধ নির্মাণে অনিয়ম করলে বর্তমানে আমাদের কিছু করার নেই।’ কুতুবদিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহনেওয়াজ জানান, আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ১২ এপ্রিল বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করে পানিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল। পরিদর্শন শেষে পাউবোর বিশ্রামাগারে খাবার খেয়ে তাঁরা চলে যান। এরপর পরির্দশক দলের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাত খেতে বসেন। ভাত দিতে দেরি হওয়ার অভিযোগে তাঁরা পাউবোর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান।