কুতুবদিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ অর্থসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে আহত হয়েছে ছাত্রসহ চারজন।প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, উত্তর ধুরুং ইউনিয়নের হাইদর আলী সিকদারপাড়ার নজির আহমদের বাড়িতে ১০-১২ জন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের পোশাক পরে আসামি তল্লাশির নাম করে বাড়িতে ঢোকে। ডাকাতেরা বাড়ির মালিক নজির আহমদকে মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখে। এ সময় ডাকাত দল টাকা, স্বর্ণসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।কুতুবদিয়া থানার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শুক্রবার রাতে পুলিশ উত্তর ধুরুং ইউনিয়নে কোনো বাড়িতে তল্লাশি করতে যায়নি। তিনি নজির আহমদের বাড়িতে ডাকাতি হওয়ার কথা শুনেছেন। অবশ্য যে বাড়িতে ডাকাতি হয়েছে তা জলদস্যু রমিজ্যার। সে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। উত্তর ধুরুং ইউপির সদস্য মোহাম্মদ ইকবাল ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।