কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বায়ুবিদ্যুৎকেন্দ্রটি আবারও চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রটির উৎপাদনক্ষমতা এক হাজার কিলোওয়াট। এটি চালু হলে উপজেলার প্রায় ১২ হাজার গ্রাহক বিদ্যুৎসুবিধা পাবেন।নতুন করে বিদ্যুৎকেন্দ্রটি চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ১৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (নকশা ও পরিদর্শন-২) এ এইচ এম কামালের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কেন্দ্রটি পরিদর্শন করে।ওই প্রতিনিধিদলে ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (সিস্টেম প্রটেকশন) জামিল আহমদ, নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরের পরিচালক আহমেদ জহির খান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম।গত বছরের জুন মাসে বেড়িবাঁধ ভেঙে বায়ুবিদ্যুৎকেন্দ্রটি পানিতে তলিয়ে যায়। অবশ্য এরও কয়েক বছর আগে থেকেই বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো এ বায়ুবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। এটি চালু হয় পরের বছরের পয়লা বৈশাখ।দ্বীপবাসীর বিদ্যুতের সুবিধার জন্য কুতুবদিয়া সমুদ্র উপকূলের আলী আকবর ডেইল গ্রামে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। তবে উদ্বোধনের দুই-তিন সপ্তাহের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়।এর পর থেকে স্থানীয়ভাবে জেনারেটরের মাধ্যমে দিনের একটি নির্দিষ্ট সময় বিদ্যুৎ পায় এলাকাবাসী। তবে এ সুবিধা সবার জন্য নয়। কুতুবদিয়া শহরের ৫৫০ জন গ্রাহক উচ্চমূল্যে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত এ বিদ্যুৎ পান।বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের ভেতরে স্থাপিত বেশ কিছু যন্ত্রপাতি সাগরের লোনা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এখন যন্ত্রপাতি প্রতিস্থাপনের পর কেন্দ্রটি নতুন করে চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।নির্বাহী প্রকৌশলী জানান, পাউবোর বেড়িবাঁধটি গত বছরের জুন মাসে সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিলীন হলে কেন্দ্রটি ঝুঁকির মুখে পড়ে।১৫ ফেব্রুয়ারি কেন্দ্রটি সরেজমিন গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধের পাশে স্থাপিত বায়ুকলগুলো (৫০ মিটার উঁচু খুঁটি) অরক্ষিত অবস্থায় রয়েছে। জোয়ার-ভাটার কারণে বহু খুঁটি নষ্ট হয়ে যাচ্ছে।খুঁটির ওপর ইস্পাতের উইন্ড টারবাইনে (বায়ুচালিত সুউচ্চ পাখা) মরিচা ধরেছে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের মূল ভবনের ভেতরে বসানো ব্যাটারিগুলোও নষ্ট হয়ে গেছে।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর জানান, উৎপাদিত বিদ্যুৎ দিয়ে উপজেলার ১২ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তা সম্ভব হয়নি।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন জানান, সম্প্রতি ৩৯ কোটি টাকা ব্যয়ে বায়ুবিদ্যুৎকেন্দ্রের বাইরে দুটি প্রকল্পের আওতায় দুই হাজার ২০০ মিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ১৫ কোটি টাকার আরও এক হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণ করা হবে।