কুতুবদিয়ায় বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি রোধ করার দাবি
কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এসব রোধ করার দাবি জানিয়েছে উপকূলীয় অঞ্চল, দ্বীপ ও পরিবেশ রক্ষা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদ এই দাবি জানায়। একই সঙ্গে পরিষদ সুষ্ঠু প্রক্রিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিত করারও দাবি জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের আহ্বায়ক শেখ মোরশেদ আহমেদ। তিনি বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগে পড়তে হচ্ছে কুতুবদিয়া অঞ্চলবাসীকে। ইতিমধ্যে সাগরের পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার সর্বদক্ষিণের ৬ নম্বর আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ার টেক গ্রাম। সরকার ২০১০ সালে কুতুবদিয়ায় বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে ৩৯ কোটি টাকা বরাদ্দ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৭১ নম্বর পোল্ডারের অধীনে তিনটি প্যাকেজে বেড়িবাঁধ নির্মাণের এ কাজটি চলছে কুতুবদিয়ার ৬ নম্বর আলী আকবর ডেইল ইউনিয়নে। কিন্তু কাজ পাওয়া প্রতিষ্ঠান শিডিউলে উল্লিখিত শর্তাবলী লঙ্ঘন করে নামমাত্র বেড়িবাঁধ নির্মাণ করে টাকা আত্মসাতের পাঁয়তারা করছে।সংবাদ সম্মেলনে উপকূলীয় অঞ্চল, দ্বীপ ও পরিবেশ রক্ষা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।