বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আর পূর্ণিমার জোয়ারে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতটি অংশে বেড়িবাঁধ ভেঙে অন্তত ৩১টি গ্রাম প্লাবিত হচ্ছে। বিলীন হয়েছে প্রায় ২০০ কাঁচা ঘরবাড়ি। পাউবো কুতুবদিয়ার শাখা কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, উত্তাল জোয়ারের ধাক্কায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সন্দিপীপাড়া, পূর্ব আলী আকবর ডেইল, আনিচের ডেইল গ্রামে ৪০টি, তাবলরচর গ্রামে ৬৫টি, শান্তিবাজারে ২০টি, কাহারপাড়ায় ১৫টি কাঁচা ঘর ভেঙে গেছে। এসব এলাকার গৃহহীন ছয় শতাধিক মানুষকে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। সৃষ্ট নিম্নচাপ আর পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধে আঘাত হানছে। সাতটি অংশ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তাবলরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান বলেন, জোয়ারের পানি ঢুকে পড়ায় গত বৃহস্পতিবার থেকে তাবলরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তাবলরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবি জসীমউদ্দীন উচ্চবিদ্যালয়, পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, জোয়ারের লোনা পানিতে তাবলরচর, পূর্ব আলী আকবর ডেইল, আনিচের ডেইল, পশ্চিম তাবলরচর গ্রামে প্রায় ২০০ একর আউশ ও শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজদ্দৌল্লা বলেন, গত দুই দিনে ইউনিয়নের কাইছারপাড়ায় ১২টি, চর ধুরুংপাড়ায় আটটি, আকবর বলীপাড়ায় ২৬টি কাঁচা ঘর ভেঙে গেছে। লেমশীখালী ইউনিয়নের সতর উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে ভেঙে গেছে আরও ৩০টি কাঁচা ঘর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ বলেন, ভাঙা বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের জন্য পাউবো কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।