কুতুবদিয়ায় বৈশাখী ঝড়ে ৩৫০টি ঘর বিধ্বস্ত
কক্সবাজারের কুতুবদিয়ায় গতকাল মঙ্গলবার সকাল আটটায় কালবৈশাখীর তাণ্ডবে ৩৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরও পাঁচ শতাধিক ঘরবাড়ি। ভেঙে গেছে অসংখ্য গাছপালা।প্রত্যক্ষদর্শীরা জানান, আধা ঘণ্টা স্থায়ী ওই ঝড়ে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ৭৫টি, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৬০টি, উত্তর ধুরুং ইউনিয়নে ৬৫টি, লেমশীখালী ইউনিয়নে ৫০টি, বড়ঘোপ ইউনিয়নে ৪৫টি, আলী আকবর ডেইল ইউনিয়নে ৫৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে।কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মাতবর বলেন, গৃহহীন লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে বৃষ্টিতে ভিজে শিশু ও নারীরা অসুস্থ হয়ে পড়ছেন। অসংখ্য গাছপালা ভেঙে পড়ায় ১০টির বেশি অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উত্তর কৈয়ারবিল গ্রামের গৃহবধূ রাফিয়া বেগম (৪৫) জানান, ঝড়ে তাঁর বাড়িটি বিধ্বস্ত হলে তিনি পরিবারের পাঁচ সদস্য নিয়ে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। কিন্তু সারা দিন কিছুই খেতে পারেননি। রান্নাবান্নাও করা যাচ্ছে না। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, গৃহহীন লোকজনকে দ্রুত শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা চলছে।