কুতুবদিয়ায় মা ও ছেলের লাশ পুকুর থেকে উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মগডেইল গ্রামে গত বুধবার দুপুরে পুকুর থেকে পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন স্থানীয় কবির হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫) ও ছেলে বাপ্পি (২)।
কক্সবাজার সদর হাসপাতাল মর্গে গতকাল বৃহস্পতিবার সকালে মা ও ছেলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার দক্ষিণ মগডেইল গ্রামের নুরুজ্জামানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে একটি পুকুরে মা-ছেলের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, জান্নাতুল ফেরদৌস ও ছেলে বাপ্পিকে পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। দুজনের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
জান্নাতুল ফেরদৌসের বাবা নুরুজ্জামান বলেন, বিয়ের পর থেকেই জান্নাতুল ফেরদৌস স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আসছে। নির্যাতন সইতে না পেরে তিন বছর আগে সে স্বামী কবির হোসেনের বিরুদ্ধে কুতুবদিয়া আদালতে নারী নির্যাতন মামলা দায়ের করে।
ওই মামলায় আদালত কবির হোসেনকে দুই বছরের কারাদণ্ড দেন। গত ১৪ জানুয়ারি পুলিশ কবির হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। বর্তমানে তিনি কক্সবাজার জেলা কারাগারে বন্দীজীবন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্র জানায়, স্বামী কারাগারে যাওয়ার পর জান্নাতুল ফেরদৌস প্রথম ও দ্বিতীয় সন্তান মাহামুদুল ইসলাম (১০) ও আকিবকে (৭) দাদার বাড়ি (উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারবাপের পাড়ার মোহামঞ্চদ পেঠানের বাড়িতে) পাঠিয়ে তিনি তৃতীয় সন্তান বাপ্পিকে নিয়ে একটি আলাদা ঘরে থাকতেন। তাঁর বাবা নুরুজ্জামান ওই ঘরটি তৈরি করে দিয়েছেন।
মেয়ে ও নাতি হত্যাকাণ্ডের ঘটনায় নুরুজ্জামান বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মা ও ছেলেকে হত্যা করে পুকুরে নিক্ষেপ করে বলে সন্দেহ করা হচ্ছে। নিহত জান্নাতুল ফেরদৌসের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।