কুতুবদিয়ায় সরকারি কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের একটি বাড়ি থেকে পুলিশ গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী ফরিদ আলমের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ফরিদ ওই ইউনিয়নের সিন্নিখাইয়াপাড়া গ্রামের মৃত নজির আহমদের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ বলেন, ‘সরকারি কর্মচারী ফরিদ আলমের ঝুলন্ত লাশ দেখে হতবাক হয়েছি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টায় নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের জানালার সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ফরিদ আলমের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এরপর খবর দিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ফরিদের মা নুরজাহান বেগম বলেন, স্ত্রীর সঙ্গে ফরিদের মনোমালিন্য চলছিল। গতকাল সকাল সাড়ে ছয়টায় স্ত্রী রোকেয়া বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় চলে যান। এরপর ১১টায় পুলিশ ফরিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।