কুতুবদিয়ায় ১৪টি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির মালামাল উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা গ্রামের জলদস্যু রমিজ আহমদ ওরফে রমিজ্যা ডাকাতের বাড়ির পাশে একটি আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ গত বুধবার রাতে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, লুণ্ঠিত একটি ট্রলারসহ মালামাল উদ্ধার করেছে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, আটটি দেশীয় লম্বা বন্দুক ও ছয়টি কাটা বন্দুক উদ্ধার করা হয়। তবে জলদস্যুরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি এবং হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেকটি ডাকাতি মামলা করেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার রাতে মহেশখালীর কুতুবজুম গ্রামের হেলাল উদ্দিন কোম্পানির মালিকানাধীন একটি ট্রলার ১০ জন জেলেকে নিয়ে কুতুবদিয়া সাগর চ্যানেলে জলদস্যুদের কবলে পড়ে। ট্রলার মালিক হেলাল উদ্দিন বলেন, রমিজের নেতৃত্বে ২০ থেকে ২৫ সশস্ত্র দস্যু তাঁর ট্রলারটি জিম্মি করে এবং ১০ জেলেকে বেদম মারধর করে কয়েক লাখ টাকার মাছ, ট্রলারের ইঞ্জিন, মাছ ধরার জাল ও ডিজেল লুট করে। ওই দিন সন্ধ্যায় কুতুবদিয়া থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়।ওসি মামুন জানান, রমিজের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ১০টির বেশি হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।