কুতুবপুরকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্তের দাবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করাসহ ১৪ দফা দাবি জানিয়েছে ওই ইউনিয়নের নাগরিক কমিটি। গতকাল রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য নিজামউদ্দিন বলেন, কুতুবপুর ইউনিয়নের মোট জনসংখ্যা চার লাখ। ভোটার সংখ্যা প্রায় এক লাখ ২৬ হাজার। ইউনিয়নের উত্তরে ঢাকার শ্যামপুর ও ডেমরা থানা। দক্ষিণে ফতুল্লা ইউনিয়ন পরিষদ, পূর্ব দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানা এবং পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদী। কুতুবপুর ইউনিয়নের রাস্তাঘাট অনুন্নত। এখানে সন্ত্রাসী ও মাদক ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছার আগেই অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তাই কুতুবপুর ইউনিয়ন পরিষদকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা জরুরি। সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির নেতারা ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদসহ ডিএনডি প্রকল্প এলাকাকে আবাসিক এলাকা ঘোষণা, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথকে দুই লেনে উন্নীতকরণ, রেল ও বগির সংখ্যা বৃদ্ধি এবং ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা রুটে বিআরটিসি বাস চালু করা, পাগলা-আলীগঞ্জ বালুর মাঠে ২০০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রভৃতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. নুরুল হক, সদস্যসচিব এস এম কাদির, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল, সদস্য লুৎফর রহমান চৌধুরী, এস এম কাদির, রাহাত আলী, আবদুর রাজ্জাক, সেকান্দার আলী প্রমুখ।