কুতুববাগের পীরসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার মাধ্যমে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে রাজধানীর কুতুববাগ দরবার শরিফের পীর মো. জাকির শাহসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দরবার শরিফের পীর মো. জাকির শাহর সাবেক খাদেম সৈয়দ শরীফুল হক চিশতী এ মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন এবং কবির হোসেন ও ইসমাইল হোসেন নামের দুই ব্যক্তি। মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে নালিশি আবেদন আমলে নেন। আদালত আসামিদের আগামী ১৫ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মামলায় অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ এপ্রিল কুতুববাগ দরবার শরিফে আটক রেখে বাদীর কাছ থেকে কয়েকটি স্ট্যাম্পসহ কার্টিজ পেপারে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তী সময়ে বাদী জানতে পারেন, ওই স্ট্যাম্প পেপার দিয়ে একটি আমমোক্তারনামা তৈরি করা হয়েছে। জাল আমমোক্তারনামা দিয়ে কুতুববাগ দরবার শরিফের পীর জাকির শাহ ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান রফিকুল আমিনের কাছে বাদীর পৈতৃক সম্পত্তি ৩২৪৭ অযুতাংশ জমি ১৬ কোটি ৫০ লাখ টাকায় বিক্রয় করে দেন।বাদী ওই বিষয়ে পীর জাকির শাহকে জিজ্ঞাসা করলে তাঁকে মিথ্যা মামলা ও ভাড়াটে গুন্ডাবাহিনী দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।