কুত্সা রটাতে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কুত্সা ও অপপ্রচার চালানোর জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার। গোয়েন্দা সংস্থাটি এসব অপপ্রচার জনসমক্ষে প্রকাশের জন্য সাংবাদিকদের বাধ্য করছে।নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুপুরে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতোই বর্তমান সরকার বিশেষ গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে ব্যবহার করে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে। বিএনপি আশা করে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক কাজে গোয়েন্দা সংস্থার ব্যবহার বন্ধ করবে সরকার।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় সভায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে উদ্দেশ্যমূলক ও বানোয়াট গল্প ফেঁদেছেন। বিএনপি মনে করে, প্রধানমন্ত্রীর আসনে বসে এ ধরনের দায়িত্বহীন কথা বলা খুবই অন্যায় ও অসংগত।ঘটনার দিন খালেদা জিয়া কোথায় ছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, ঘটনার পরপরই খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন। সেখানে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনায় সরকারকে সহযোগিতার ঘোষণা দেন তিনি।