কুদ্দুছের মায়ের আহাজারি, লেখাপড়ার সুযোগ চায় আতিকুরের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন চাঁদপুর আওয়ামী লীগের দুই নেতা। এর মধ্যে হাইমচর উপজেলার সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল কুদ্দুছ ছিলেন দলের সক্রিয় কর্মী। অপর নিহত মতলব উত্তর উপজেলার পাঁচআনী গ্রামের ছালামত সরকারের ছেলে আতিকুর রহমান সরকার (৪০) ছিলেন দিনমজুর।
ঘটনার নয় বছর পেরিয়ে গেছে। কিন্তু কুদ্দুছের মা আমেনা বেগমের আহাজারি আজও থামেনি। ছেলের কথা মনে হলেই বুকের ভেতর কষ্ট দলা পাকিয়ে ওঠে। তিনি বলেন, ‘কেঁদেই কী লাভ? আদরের সন্তানকে তো আর ফিরে পাব না।’
খোঁজ নিয়ে জানা গেছে, ভালো নেই আতিকুরের পরিবারের সদস্যরা। আতিকুরের স্ত্রী লাইলী বেগম বলেন, প্রতিদিনের খাবার জোগাড় আর সন্তানদের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছে না। আতিকুরের বড় ছেলে মিথুন বলে, ‘আমরা লেখাপড়া করতে চাই। এ সরকার আমাদের লেখাপড়ার সুযোগ করে দেবে, এটাই আমাদের দাবি।’ বর্তমানে আতিকুরের স্ত্রী চার সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছেন।
জানা গেছে, শুরুর দিকে বর্তমান প্রধানমন্ত্রী এক লাখ টাকা ও তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁদের সাত হাজার টাকা দিয়েছিলেন। তার পর থেকে আর কোনো অনুদান পাননি তাঁরা। লাইলী বেগম দাবি করেন, টাকা প্রদানের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সন্তানদের লেখাপড়ার জন্য মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে গেল।