কুনমিং থেকে কলকাতা পর্যন্ত সড়কপথে গাড়ি শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভারতকে সড়কপথে একসূত্রে বাঁধতে উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ দিকে এই চার দেশের মধ্যে সড়কপথে একটি গাড়ি শোভাযাত্রার আয়োজন করা হবে।যে সড়ক ধরে গাড়ি শোভাযাত্রাটি চলবে, তার অবস্থা জানার জন্য একটি প্রতিনিধিদল পুরো পথটি ভ্রমণ করছে। ৮ ফেব্রুয়ারি চীনের কুনমিং থেকে রওনা দিয়ে প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে।বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার ফোরাম (বিসিআইএম ফোরাম) এই গাড়ি শোভাযাত্রার আয়োজন করছে। এই ফোরামে রয়েছেন সংশ্লিষ্ট দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা। শোভাযাত্রা আয়োজনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা। ১৯৯৯ সালে এই ফোরাম গঠিত হয়।আজ বুধবার সকালে সড়ক ভবনে ঢাকায় আসা প্রতিনিধিদলকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর তারা যশোরের উদ্দেশ্যে রওনা হবে। যশোরে রাত কাটিয়ে কাল বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় গিয়ে যাত্রা শেষ হবে। দলে চীনের ১৬ জন, ভারতের চারজন এবং বাংলাদেশ ও মিয়ানমারের দুজন করে প্রতিনিধি রয়েছেন। তাঁরা সীমান্ত পার হয়ে যে দেশে প্রবেশ করছেন, সে দেশেরই গাড়ি ব্যবহার করছেন।এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত অবকাঠামো বিশেষজ্ঞ এম রহমতুল্লাহ প্রথম আলোকে জানান, এ অঞ্চলের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো ছাড়াও মানুষের মধ্যে সরাসরি সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে এই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এই সড়কপথটি চালু হলে এ অঞ্চলের বাণিজ্য সহজ হবে বলে মত দেন তিনি।গাড়ি শোভাযাত্রার সম্ভাব্য পথটি হবে কুনমিং-রুলি-মেন্ডালে-তামু-মোরে-ইম্ফল-শিলচর-করিমগঞ্জ-সুতারকান্দি-ঢাকা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-কলকাতা। এ পথটির দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৪৯০ কিলোমিটার। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কলকাতায় বিসিআইএম ফোরামের বৈঠকে প্রতিনিধিদলের অভিজ্ঞতা পর্যালোচনা করে শোভাযাত্রার দিনক্ষণ ঠিক করা হবে।