ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত সারদা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুনাল ঘোষকে পুলিশ হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি যাতে সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে পারেন, সে জন্য কুনালকে বহনকারী অ্যাম্বুলেন্সে তাঁকে হেনস্তা করা হয়।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা রাজ্যসভার সদস্য কুনাল ঘোষ গত শুক্রবার ভোর রাতে প্রেসিডেন্সি জেলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বাঙ্গুর নিউরোসায়েন্স হাসপাতালে কুনালকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় সাংবাদিকদের সামনে কুনাল বলেন, ‘যারা দোষী তাদের গ্রেপ্তার করুন। তারা ঘুরে বেড়াচ্ছে।’
বাঙ্গুর থেকে কুনালকে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার সময় কুনাল যাতে সাংবাদিকদের সামনে মুখ খুলতে না পারেন, সে জন্য অন্তত ৩০ মিনিট তাঁকে অ্যাম্বুলেন্সে বসিয়ে রাখা হয়। এ সময় তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। মুখে অক্সিজেনের নল, হাতে স্যালাইনের নল নিয়েও অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আসার সময় কুনাল আবারও কথা বলতে উদ্যত হন।