চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক তিনজনকে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ওই তিনজনের বিরুদ্ধে র্যাবের করা অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
কুনিও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে তিনজনকে আটক করে র্যাব। এঁরা হলেন রাজিব হাসান ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ফরসা কাজল। পরদিন শুক্রবার র্যাব তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করে। কিন্তু ওই মামলায় কুনিও হত্যার ঘটনায় তাঁদের জড়িত থাকার বিষয়টি উল্লেখ ছিল না। অস্ত্র মামলায় ওই দিন তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের চাঁপাইনবাবগঞ্জের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার তিনজনকে গতকাল শনিবার কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।