কুনিও হত্যা মামলার আসামিদের 'প্রশিক্ষক'সহ ৪ 'জঙ্গি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চারজন সন্দেহভাজন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তাঁদের মধ্যে একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক।
রংপুর সদর উপজেলা থেকে গত শনিবার গভীর রাতে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৪৫), আল আমিন (২০), এরশাদ আলী (২৮) ও আশরাফুল ইসলাম (২০)। তাঁদের সবার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইলপাড়া গ্রামে।
গতকাল দুপুরে রংপুর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত তিনটার দিকে সদর উপজেলার লাহিড়ীরহাটের পাশে শাহাবাজ এলাকায় পরিত্যক্ত এক ইটভাটায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে চার পুলিশ আহত হন। পরে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যান আরও চার-পাঁচজন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি রামদা ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেলাল ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৪ সালে তিনি জেএমবিতে যোগ দেন। জাপানি নাগরিক কুনিও হত্যা মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেনের সঙ্গে তঁার সখ্য রয়েছে। মামলার আসামিদের প্রশিক্ষণ দিয়েছিলেন বেলাল।
গতকাল কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুল লতিফ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা করেছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে হত্যা করা হয়। মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামির চারজন কারাগারে রয়েছেন। পলাতক আছেন তিনজন। অপর আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।