কুনিও হত্যা মামলার শুনানি ১৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য ১৫ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। একই সঙ্গে আসামিদের পক্ষে আইনজীবী না থাকায় মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার রংপুরে বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ করার আদেশ দিয়েছেন বিচারক।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে চলতি বছরের ৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আট আসামি হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮), গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২), কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ও কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮)। তবে তিনি রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আসামিদের মধ্যে প্রথম পাঁচজন গ্রেপ্তার ও পরের দুজন পলাতক রয়েছেন।


আদালত সূত্র জানায়, আজ সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার পাঁচ আসামিকে (প্রথম পাঁচজন) আদালতে হাজির করা হয়। পরে আদালত ওই আদেশ দেন।