কুনিও হত্যার দ্রুত বিচার চায় জাপান
কুনিও হোশি হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের দ্রুত বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাপান। হত্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাপান থেকে তিন সদস্যের প্রতিনিধিদলের আজ-কালের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস কুনিও হোশিকে হত্যার দাবি করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মুসলিম দেশে জাপানের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ঢাকায় জাপান দূতাবাস রংপুরের ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশে জাপানের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। গতকাল রোববার জাপান দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
গতকাল রোববার ঢাকায় জাপান দূতাবাসের উপরাষ্ট্রদূত ও মুখপাত্র তাকেশি মাৎসুনাগা প্রথম আলোকে বলেন, জাপানের নাগরিকদের বাংলাদেশে চলাচলের সময় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হত্যায় আইএসের দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে তদন্ত করছে। তদন্তই এটি বলে দেবে। জাপান চায়, বাংলাদেশ সরকার দ্রুত কুনিও হোশি হত্যার তদন্ত করে হত্যাকারীদের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি বলেন, জাপান সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং কুনিও হোশির পরিবারের প্রতি সমবেদনা জানায়।
গত এক সপ্তাহের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যার পরিপ্রেক্ষিতে সরকার কাল মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে। ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার ও রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিকে হত্যার পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এ ব্রিফিংয়ের আয়োজন করা হচ্ছে। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।
ভ্রমণবার্তা হালনাগাদ যুক্তরাজ্য–অস্ট্রেলিয়ার: কুনিও হোশির হত্যার পর গতকাল আবারও ভ্রমণবিষয়ক বার্তা হালনাগাদ করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় ঢাকায় হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে আপাতত গাড়ি ছাড়া চলাচল করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া বিদেশিরা ঘন ঘন যাতায়াত করেন এমন জায়গায় তাঁদের চলাফেরা সীমিত করতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিকদেরও একই পন্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদেরও বাংলাদেশে চলাফেরার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভ্রমণবিষয়ক বার্তা হালনাগাদ করেছে। এতে কুনিও হত্যায় আইএসের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশে চলাফেরার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিদেশিদের উপস্থিতি আছে এমন জায়গাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসের উচ্চ ঝুঁকি আছে। তাই চলাফেরার ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে যুক্তরাজ্যের নাগরিকদের।
পশ্চিমা একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন দেশের ভ্রমণবিষয়ক সতর্কতা জারি, দুই বিদেশি নাগরিক হত্যার পর তাঁরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছুটা বিচলিত আছেন। এমন এক প্রেক্ষাপটে ইউরোপের একাধিক দেশ তাদের সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশ সফর পিছিয়ে দিতে পরামর্শ দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক এ প্রতিবেদককে বলেন, ব্যবসায়ী প্রতিনিধিদলের পাশাপাশি সরকারি প্রতিনিধিদলকে এ মাসে বাংলাদেশ সফর স্থগিত করতে বলা হয়েছে।