কুনিও হত্যার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার রংপুর বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর এ মামলার বিচার শুরু হলো।
মামলায় সরকারপক্ষের আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক বলেন, আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কড়া পুলিশি নিরাপত্তায় গতকাল সকালে মামলার আট আসামির মধ্যে গ্রেপ্তার পাঁচজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর অভিযোগপত্রভুক্ত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
উপস্থিত পাঁচ আসামি হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পীরগাছার আঞ্চলিক কমান্ডার ও উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার বাসিন্দা মাসুদ রানা (২১), একই এলাকার জেএমবি সদস্য ইছাহাক আলী (২৫), কালীগঞ্জ বাজারের জেএমবি সদস্য আবু সাঈদ (২৮), বগুড়ার গাবতলী উপজেলার জেএমবি সদস্য লিটন মিয়া (২৩) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার সাখাওয়াত হোসেন (৩২)।