কুনিও হত্যার রায় এ মাসে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় আজ মঙ্গলবার আসামিদের পক্ষে একজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আগামী রোববার যুক্তিতর্কের দিন ধার্য হয়েছে। এ মাসে রায় হতে পারে।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বলেন, আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে। এরপর রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত। তিনি বলেন, চলতি মাসেই রায়ের সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) ও গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।

পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।

এই মামলার আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। মামলার অভিযোগ গঠনের পরে আরেক আসামি কুড়িগ্রামের রাজারহাটের চরবিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী গত বছরের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।