কুনিও হত্যায় জেএমবির এছহাকের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এছহাক আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। জবানবন্দিতে নিজেকে তিনি জেএমবির অস্ত্রের জিম্মাদার দাবি করেছেন।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর এমনটাই জানিয়েছেন। রংপুর-দিনাজপুর অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হুমায়ুন কবীর বলেন, কুনিও হত্যায় জেএমবির তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন রংপুরের পীরগাছা-কাউনিয়া অঞ্চলের জেএমবির কমান্ডার মাসুদ রানা, পীরগাছা ইউনিটের কমান্ডার খয়বর হোসেন ও এহসার সদস্য এছহাক আলী। তাঁরা তিনজনই গ্রেপ্তার আছেন।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি বলেন, এছহাক আলী গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি অনুযায়ী, তিনি জেএমবির অস্ত্রের জিম্মাদার। কুনিও হত্যায় ব্যবহৃত পিস্তলটি তাঁর কাছ থেকে নেন মাসুদ। তিনি, মাসুদ ও খয়বর একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান। কুনিওকে গুলি করেন মাসুদ।

হুমায়ুন কবীর বলেন, গত ১০ নভেম্বর কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যা ও ৮ নভেম্বর বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এছহাক। তিনি বলেন, তাঁর কাছ থেকেই অস্ত্র নিয়ে জেএমবির সদস্যরা রংপুর ও দিনাজপুর অঞ্চলে নাশকতা করেছে।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি বলেন, জেএমবির গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, রংপুর ও দিনাজপুরে বিভিন্ন জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাসুদও এর আগে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি কুনিও হত্যা, খাদেম হত্যা ও বাহাই সম্প্রদায়ের নেতাকে হত্যার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

গত ৩ অক্টোবর কুনিওকে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা হলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির (হীরা), রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব, মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান ওরফে মেরিল সুমন, শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল।

রংপুরের কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম হত্যা ও রংপুরে বাহাই সম্প্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এর আগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

খাদেম হত্যায় গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন কাউনিয়ার মধুপুর ইউনিয়ন জামায়াতের সদস্য মোর্শেদ আলী, শহিদুল ইসলাম ও আবু রায়হান ওরফে রঞ্জু।

বাহাই সম্প্রদায়ের নেতা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হয় হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ওরফে নয়ন, শহরের ধাপ এলাকার আবু রায়হান ও সজলকে।

এখন পুলিশ বলছে, তিনটি ঘটনাতেই জেএমবি জড়িত।