কুনিও হত্যায় জেএমবির পাঁচজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, জেএমবি সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক। অন্য চারজন কারাগারে।

মামলায় ছয় আসামির মধ্যে আবু সাঈদ নামের একজন খালাস পেয়েছেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালত ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা আসামিদের আদালতে আনা হয়।

কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার রংপুর আদালতের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: মঈনুল ইসলাম
কুনিও হোশি হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার রংপুর আদালতের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: মঈনুল ইসলাম

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনি সে এলাকায় গবাদি পশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষ করতেন।

ঘটনার দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আবদুল কাদের জিলানী গত ৩ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত পাঁচজনের ম​ধ্যে চারজন (বা থেকে) লিটন মিয়া, মাসুদ রানা, ইছাহাক আলী ও সাখাওয়াত হোসেন। ছবি: মঈনুল ইসলাম
দণ্ডপ্রাপ্ত পাঁচজনের ম​ধ্যে চারজন (বা থেকে) লিটন মিয়া, মাসুদ রানা, ইছাহাক আলী ও সাখাওয়াত হোসেন। ছবি: মঈনুল ইসলাম

অভিযোগ গঠনের আগেই গত আগস্টে রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মামলার আসামি নজরুল ইসলাম। গত জানুয়ারিতে ঢাকার মোহাম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আরেক আসামি সাদ্দাম হোসেন।

মামলায় ছয় আসামির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, মামলায় ৬০ কর্মদিবসে ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। একই সঙ্গে আসামিদের পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্যও নেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক শেষ হয়।