কুনিও হোশি হত্যা মামলা আটজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় আজ রোববার আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হলো। আগামীকাল সোমবার একজনের সাক্ষ্য নেওয়ার মাধ্যমে এই মামলার সাক্ষ্য নেওয়া শেষ হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
আজ দিনভর সাক্ষ্য গ্রহণ শেষে বিকেলে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক সাংবাদিকদের বলেন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে প্রমাণিত হয়েছে যে জেএমবির জঙ্গি সদস্য মাসুদ রানাসহ অন্যরা এই কিলিং মিশনে ছিলেন। মাসুদ রানা ও ইছাহাক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও হত্যার কথা স্বীকার করেছেন।
রথীশ চন্দ্র ভৌমিক বলেন, আজ যে আটজনের সাক্ষ্য নেওয়া হয়েছে তাঁদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম, রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম, কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ, ব্লাস্টেক (অস্ত্র) বিশেষজ্ঞ জামাল উদ্দিন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ সরকার, লাশের সুরতহাল প্রস্তুতকারী পুলিশ আসাদুজ্জামান, মিরজল হক ও সোলেমান।
বিশেষ পিপি জানান, কাল সোমবার মামলার অভিযোগপত্র দাখিলকারী কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। তিনি আরও জানান, সেই সঙ্গে এই মামলায় ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়ে শেষ হবে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, আজ সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।
পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।
এই মামলার অভিযুক্ত আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরী এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে এবং মামলার অভিযোগ গঠনের পরে কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গত বছরের (২০১৬) ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন অব বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।