কুনিও হোশি হত্যা মামলা বিশেষ জজ আদালতে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবির এ আদেশ দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ মো. নয়নুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ জজ আদালতেই মামলাটির পরবর্তী কার্যক্রম চলবে। তবে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি।

এ সময় অভিযোগপত্রভুক্ত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের মধ্যে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হয়। তিন আসামি পলাতক রয়েছেন। আরেকজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

কারাগারে থাকা চারজন হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার ও পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩) এবং পীরগাছার কালীগঞ্জের সদস্য আবু সাঈদ (২৮)। পলাতক তিন আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১), একই এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪) ও গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন। আরেক আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী চলতি বছরের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।