কুনিও হোশি হত্যা মামলা বিশেষ জজ আদালতে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবির এই আদেশ দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ মো. নয়নুর রহমান জানান, বিশেষ জজ আদালতেই মামলাটির পরবর্তী কার্যক্রম চলবে।

এই মামলায় গ্রেপ্তার চার আসামিকে গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এরপর বিচারক হুমায়ুন কবির মামলাটি এবং চার আসামিকে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতে হস্তান্তর করেন। তাঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩) ও পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮)। বাকি চারজনের তিনজন পলাতক। আর একজন রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন আগেই।

পলাতক তিন আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১), কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪) ও গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন। এই মামলার অভিযুক্ত আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) ইতিপূর্বে রাজশাহীতে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।