কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হোশি  হত্যা মামলা
কুনিও হোশি হত্যা মামলা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে চারজন পলাতক ও চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রংপুরের দবীগঞ্জ বিচারিক হাকিম আদালত গত রোববার (৩ জুলাই) অভিযোগপত্রটি গ্রহণ করে বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠান।

আজ রোববার সন্ধ্যার পর মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে এসব কথা জানিয়েছেন।
গত বছর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে দুর্বৃত্তরা জাপানি নাগরিক কুনিওকে গুলি করে হত্যা করে।

আট আসামির মধ্যে গ্রেপ্তার চারজন হলেন জামায়াতুল মুজাহেদীন অব বাংলাদেশের (জেএমবি) সদস্য রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইলপাড়া গ্রামের বাসিন্দা ও পীরগাছা-কাউনিয়া দুই উপজেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩), রংপুরের পীরগাছা এলাকার জঙ্গি সদস্য ইছাহাক আলী (৩৪) ও লিটন মিয়া (৩২), বগুড়ার গাবতলী এলাকার আবু সাঈদ (২৮)।

পলাতক চার আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাদ্দাম হোসেন (৩২), একই এলাকার আহসানউল্লাহ আনসারি (৩১), পঞ্চগড় দেবীগঞ্জের নজরুল ইসলাম (৩২) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার সাখাওয়াত হোসেন (৩০)।

জেএমবির সদস্য ইছাহাক আলী ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইছাহাক আলী জবানবন্দিতে বলেন, তিনি, মাসুদ ও লিটন ঘটনার দিনে একটি মোটরসাইকেল করে ঘটনাস্থল আলুটারি গ্রামে যান। কুনিওকে গুলি করেন মাসুদ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জাপানি নাগরিক হত্যার কথা অন্য দুজনও স্বীকার করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, মূল পরিকল্পনাকারী ও হত্যায় জড়িত আটজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ছাড়া কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হীরা, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব, রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান ওরফে মেরিল সুমন, রংপুর শহরের জুম্মাপাড়ার নওশাদ হোসেন ওরফে ব্লাক রুবেল ও শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল সন্দেহভাজন গ্রেপ্তার হলেও তাঁদের বিরুদ্ধে প্রাথমিকভাবে জড়িত থাকার কোনো তথ্য-প্রমাণ মেলেনি। তাঁরা এখন কারাগারেই আছেন।