কুনিওকে দাফন করা হচ্ছে রংপুরে!
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশিকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পুরো শহরজুড়ে আলোচনা চলছে। এ ছাড়া হত্যার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত রাশেদ-উন-নবী ওরফে বিপ্লবের মা, স্ত্রী ও সন্তান আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।
কুনিওর মরদেহ দাফন করা প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সকালে জাপান দূতাবাস থেকে তাঁর কাছে ফোন করে জানতে চাওয়া হয়েছে মরদেহ দাফন করতে চাইলে নিয়ম কী? উত্তরে তিনি জানিয়েছেন, কুনিওর মুসলমান হওয়ার প্রমাণ থাকলে তা দাফন করা সম্ভব। এতে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ পড়বে। এর বেশি কোনো কথা হয়নি।
এ ছাড়া আজ দুপুরে তিন সদস্যের জাপানি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় করেছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
শহরের গুপ্তপাড়ায় অবস্থিত রাশেদ-উন-নবীর বাবার বাড়িতে সংবাদ সম্মেলনে স্ত্রী শিরিন আকতার তাঁর স্বামী নির্দোষ জানিয়ে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমার স্বামীকে মুক্তি দিন।’ এ সময় সঙ্গে থাকা বিপ্লবের মা বেগম আকতার বানু বলেন, ‘আমার ছেলে ওই দিন দুপুরে ভাত খেয়ে বাসায় ছিলেন। আমার ওষুধ কিনতে বাইরে যাবেন এমন সময় বিকেলে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়।’ এ সময় তাঁদের পাশে ছিল বিপ্লবের স্কুল পড়ুয়া মেয়ে সিদরাতুল মুনতাহার।
কুনিও হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান এবং কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরাকে রিমান্ডে নেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় তাঁদের বিচারিক হাকিম আবু তালেবের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, কুনিওকে পরিবহন করা রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। হত্যাকাণ্ডের স্থানে আজও পুলিশের পাহারা ছিল।
কুনিওর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে আছে। এখনো পর্যন্ত মরদেহ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ।
উল্লেখ্য, গত শনিবার সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।