কুনিওকে রংপুরে দাফন নিয়ে নানা আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি নাগরিক হত্যা
জাপানি নাগরিক হত্যা

নিহত জাপানি নাগরিক কুনিও হোশির মরদেহ রংপুরে দাফন করা হবে বলে শহরজুড়ে নানা আলোচনা চলছে। এ প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আজ (গতকাল বৃহস্পতিবার) সকালে জাপান দূতাবাস থেকে আমার কাছে ফোন করে জানতে চেয়েছিল, মরদেহ দাফন করার নিয়ম কী। বলেছিলাম, ওনার মুসলমান হওয়ার প্রমাণ থাকলে তা দাফন করা সম্ভব। আর যদি না হয়, তাহলে আড়াই থেকে তিন হাজার টাকা খরচ পড়বে। এর বেশি কথা হয়নি।’
সরফুদ্দীন আহমেদ গত রাতে বিবিসি বাংলাকে বলেন, তিনি নিশ্চিত হয়েছেন যে কুনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাপান দূতাবাস তাঁর দাফন-কাফনের দায়িত্ব দিলে তাঁরা তা নিতে প্রস্তুত রয়েছেন। কুনিওর মরদেহ ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা আছে। গত শনিবার সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
তিন সদস্যের একটি জাপানি প্রতিনিধিদল গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বলে পুলিশের একটি সূত্র জানায়। আর কুনিও হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ।
গ্রেপ্তার দুজন হলেন রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ও কুনিওর খামারের সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা। গত সোমবার সন্ধ্যায় বিচারিক হাকিম আবু তালেবের আদালত তাঁদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। হত্যাকাণ্ডের স্থানে গতকাল পুলিশের পাহারা ছিল।
রাশেদের পরিবারের সংবাদ সম্মেলন: রংপুর শহরের গুপ্তপাড়ায় রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবের বাবার বাড়িতে গতকাল সংবাদ সম্মেলন করেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় রাশেদের স্ত্রী শিরিন আকতার তাঁর স্বামীকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমার স্বামীকে মুক্তি দিন।’
রাশেদের মা বেগম আকতার বানু বলেন, ‘আমার ছেলে ওই দিন দুপুরে ভাত খেয়ে বাসায় ছিল। আমার ওষুধ কিনতে বাইরে যাবে এমন সময় বিকেলে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে ওকে নিয়ে যাওয়া হয়।’ সংবাদ সম্মেলনে গ্রেপ্তার রাশেদের স্কুল পড়ুয়া মেয়ে সিদরাতুল মুনতাহাও উপস্থিত ছিল।

আরও পড়ুন: