কুনিওর খুনি মাসুদই, বললেন আরও ৩ জন
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নেতা মাসুদ রানা গুলি করেছেন বলে এবার শনাক্ত করলেন আরও তিনজন। এর আগে কুনিও হোশিকে বহনকারী রিকশাচালক আবদুল মোন্নাফ ও ঘটনাস্থলের কাছে মোড়ের চায়ের দোকানদার আবদুল্লাহ আল মামুনও হত্যাকারী হিসেবে মাসুদ রানাকে শনাক্ত করেছিলেন।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে। আজ সোমবার এ মামলায় আটজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। এ মামলার ৫৭ জন সাক্ষী রয়েছেন।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, সাক্ষ্য দেওয়ার সময় ইউনিয়ন পরিষদের সদস্যসহ গ্রামের তিনজন বাসিন্দা আদালতের কাঠগড়ায় দাঁড়ানো জেএমবি সদস্য মাসুদ রানাকে শনাক্ত করেন। তাঁরা হলেন ঘটনাস্থল সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মাসুদ রানা এবং গ্রামের দুই বাসিন্দা সৈয়দ আলী ও আল ইমরান। এ ছাড়া অন্য যে পাঁচজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলিয়ার রহমান, এসআই দুলাল মিয়া, একই থানার পুলিশ কনস্টেবল নূরুজ্জামান, নূর আলম ও হাবিবুর রহমান।
আদালত সূত্র জানায়, আজ সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলি এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।
পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।
এই মামলার অভিযুক্ত আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) ইতিপূর্বে রাজশাহীতে এবং কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী গত বছর ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন অব বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর গত বছরের ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।