কুন্তল বিশ্বাস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিক ও সাংবাদিক কুন্তল বিশ্বাস (৬৫) আর নেই। তিনি গতকাল শনিবার বিকেলে নেত্রকোনার সাতপাই এলাকার নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। কুন্তল বিশ্বাসের জন্ম ১৯৪৬ সালের ৯ আগস্ট, কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ এমএসসি ডিগ্রি লাভ করেন। ষাটের দশকের ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচনসহ রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে বজলুর রহমানের সম্পাদনায় ‘সাপ্তাহিক একতা’ প্রকাশিত হলে তিনি সেখানে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ন্যাপ, সিপিবি ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীতে দায়িত্ব পালন করেন। সিপিবির সহযোগিতায় ১৯৭৩ সালে জার্মানির বার্লিনে যান। সেখানে মার্কসবাদ-লেনিনবাদের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। রাজনৈতিক কারণে দুবার তিনি কারাবরণ করেন।অকৃতদার কুন্তল বিশ্বাস আশির দশকে নেত্রকোনা ফিরে আসেন। পরে তিনি দৈনিক ভোরের কাগজ-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে আবারও সাংবাদিকতায় ফেরেন। এরপর ১৯৯৮ সালে প্রথম আলো প্রকাশিত হলে তিনি সেখানে একই পদে যোগ দেন। সাংবাদিকতার পাশাপাশি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, জেলা প্রেসক্লাব, সিপিবি, উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমী, অন্বেষা বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্র জানিয়েছে, কুন্তল বিশ্বাসের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে। তাঁর মৃত্যুতে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, স্থানীয় সাংসদ আশরাফ আলী খান প্রমুখ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।