কুপির আগুনে দগ্ধ, বাবা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মেয়ে নোভা আক্তার (৬) ও তার বাবা সবুজ মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে নোভার মা রিপা আক্তারও (২৮)। গত মঙ্গলবার রাতে কুপির আগুন থেকে নোভার জামায় আগুন লাগলে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বড়তলী গ্রামে বিদ্যুৎ ছিল না। রাত আটটার দিকে ওই গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার বাড়িতে তাঁর মেয়ে নোভা আক্তার কুপি বাতি জ্বালিয়ে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে কুপি বাতির আগুন তার পরনের কাপড়ে ধরে যায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা সবুজ মিয়া ও মা রিপা আক্তারের শরীরেও আগুন ধরে যায়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে। ওই রাতেই তাঁদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে মেয়ে নোভা মারা যায়। সবুজ মিয়াকে পরদিন ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বাবা ও মেয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ওই বাড়ি থেকে পুলিশ ওই দিন একটি কুপি বাতি ও একটি কেরোসিন রাখার প্লাস্টিকের কনটেইনার (জার) জব্দ করা হয়েছে।