কুপিয়ে গৃহবধূর কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী
দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামী ও দেবর মিলে কুপিয়ে এক গৃহবধূর হাতের কবজি কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে ওই নারীর স্বামী ও দ্বিতীয় স্ত্রী পলাতক।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ সখিনা আক্তার জানান, শনিবার (গতকাল) সকালে স্বামী ইব্রাহিম মিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর (সখিনা) ঝগড়া বাধে। এর জের ধরে স্বামী ইব্রাহিম ও দেবর জাকারিয়া কুপিয়ে তাঁর বাঁ হাতের কবজি কেটে দেন। রড দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন।
তিনি জানান, তাঁর বাবার নাম মোহামঞ্চদ মাসকুর। উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে তাঁর বাড়ি। ২০০৪ সালে একই উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী গ্রামের সুলতানের ছেলে ইব্রাহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ফাতেমা (৮) ও আরাফাত (২) নামের এক কন্যা ও এক পুত্র রয়েছে। ইব্রাহিম দুপ্তারা এলাকার তাসমিয়া নামের এক মেয়ের প্রেমে পড়েন। গত বছরের ১৮ অক্টোবর ইব্রাহিম গোপনে মেয়েটিকে বিয়ে করেন।
কয়েক দিন আগেও সখিনা দ্বিতীয় বিয়ের কথা ইব্রাহিমের কাছে জানতে চাইলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় সখিনা বাবার বাড়িতে চলে যান। কিছুদিন আগে ইব্রাহিম আত্মীয়স্বজন নিয়ে সখিনার বাবার বাড়িতে যান। দ্বিতীয় স্ত্রী তাসমিয়াকে তালাক দিয়েছেন বলে প্রথম স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনেন। সখিনা স্বামীর বাড়িতে আসার পর ইব্রাহিম দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। সখিনা স্বামীর এ সিদ্ধান্তের প্রতিবাদ করলে গত শুক্রবার রাতে ইব্রাহিম ও দ্বিতীয় স্ত্রী তাসমিয়া মিলে রড দিয়ে পিটিয়ে সখিনাকে আহত করেন। গতকাল সকালে স্বামী ও দেবর মিলে দা দিয়ে কুপিয়ে তাঁর বাঁ হাতের কবজি কেটে দেন এবং রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে স্বজনেরা সখিনাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আলমগীর জানান, সখিনার পক্ষ থেকে এ ব্যাপারে একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে।