কুপিয়ে টাকা ছিনতাই
চট্টগ্রামে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত রোববার রাত সাড়ে ১২টায় নগরের পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে রামদাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, নগরের মুরাদপুর থেকে হেঁটে মোহাম্মদপুর এলাকায় বাসায় যাওয়ার পথে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে গতিরোধ করে ছিনতাইকারীরা। তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কামাল বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে কামাল হোসেনের কাছ থেকে নগদ সাত হাজার ৩০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে খবর পাওয়ার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে জড়িত সন্দেহে সুমন, শাহীন, হায়দার, জাফর, বেল্লাল ও ইসহাককে আটক করে। তাদের কাছ থেকে রামদা ও কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।