কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া বেগম (৬০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবুল বাসার খান (৬০), আবদুল মান্নান ফকির (৪৫), রোলা গ্রামের কবির হোসেন (৪০), মো. আলম (৫৫) ও বাবুল হাওলাদার (৫০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আবদুস সাত্তার খানের পরিবারের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। আবদুস সাত্তার খানের স্ত্রী আম্বিয়া বেগম আসামিদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার বাদী ছিলেন। ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতে আসামিরা আম্বিয়া বেগমের ঘরে ঢুকে জমির দলিল ও মামলার কাগজপত্র তছনছ করেন এবং আম্বিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। ওই রাতে নিহত আম্বিয়া বেগমের দুই শিশু নাতি ছাড়া কেউ ঘরে ছিল না।

এ ঘটনার পরের দিন নিহত আম্বিয়ার বড় ছেলে আবদুল কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা-পুলিশ মামলাটি তদন্ত করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্তভার পায়। ২০০৪ সালের ১২ জুলাই সিআইডি ঝালকাঠি কার্যালয়ের পরিদর্শক নির্মল চন্দ্র সরকার তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল। আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুর রশিদ শিকদার।

মামলার বাদী হালিমা বেগম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে আসামিদের পক্ষের আইনজীবী আবদুর রশিদ শিকদার বলেন, ‘আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’