কুপিয়ে হাত ছিন্ন
পিরোজপুর সদর উপজেলায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনের বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। একটি গরু কোপানোর ঘটনায় অভিযোগ করায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পান্তাডুবি গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।আহত ওই ব্যক্তির নাম অহিদুল দরানী (৩৫)। তিনি পান্তাডুবি গ্রামের জয়নাল দরানীর ছেলে। শনিবার রাতে ঘটনার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।অহিদুলের ছোট ভাই সাঈদ অভিযোগ করেন, তিন-চার দিন আগে অহিদুলের একটি গরুকে একই এলাকার সোয়েবসহ অন্যরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় তাঁদের বাবা পিরোজপুর সদর থানায় সোয়েব, মিজান ও মুন্নার বিরুদ্ধে একটি অভিযোগ দেন।সাঈদ দরানী অভিযোগ করেন, শনিবার রাতে অহিদুল পিরোজপুর শহর থেকে পান্তাডুবির বাড়িতে ফিরছিল। রাত সাড়ে নয়টার দিকে পান্তাডুবি এলাকার মন্নান মিয়ার বাড়ির কাছে এলে সোয়েবসহ কয়েকজন সন্ত্রাসী গরু কোপানোর ঘটনায় অভিযোগ করার জেরে অহিদুলের ওপর হামলা চালান। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে তারা কুপিয়ে অহিদুলের হাত কেটে ফেলে এবং পায়ে আঘাত করে। পিরোজপুর সদর থানার সহকারী উপপরিদর্শক মো. সেলিম বলেন, ‘অহিদুলের গরু কোপানোর বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়ার পর আমি শনিবার সকালে ঘটনাস্থলে তদন্তে যাই এবং এর সত্যতা খুঁজে পাই। রাতে তারা অহিদুলকে কোপায়।’ পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, সন্ত্রাসীরা অহিদুলকে কুপিয়ে তাঁর বাঁ হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। অহিদুলের ডান পায়ের গোড়ালির জখমও গুরুতর। এ ঘটনায় অহিদুলের বাবা জয়নাল বাদী হয়ে গতকাল রোববার ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল ও ফজলুল হক নামের দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করার জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে।